Sylhet Today 24 PRINT

এক বছর নামাজ পড়ার শর্তে আসামিকে মুক্তি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২২

গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুটি এতিমখানায় দুজন এতিমকে বাংলা অনুবাদসহ দুটি কোরআন শরিফ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই আসামি হলেন মোহাম্মদ হোসেন ও আবদুর রহিম।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। সাধারণত এসব মামলায় এক বছরের সাজা হয়ে থাকে। আসামিদের সংশোধনের জন্য শর্তসাপেক্ষ আদালত সাজার পরিবর্তে এ নির্দেশ দেন। প্রবেশন কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবেন আসামিরা।

গত ২২ মে নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তদন্ত শেষে গত ২৯ জুন অভিযোগপত্র দেয় বন্দর থানা–পুলিশ।

সোমবার এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর দিন ধার্য ছিল। শুনানিতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.