Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে হুমকি: সিরাজগঞ্জের বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২৩

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের ধানবান্ধি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। বিকালে তাকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে স্লোগান দেওয়ার সময় রাশেদুল হাসান রঞ্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ওই স্লোগান সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে মঞ্চে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন। এক পর্যায়ে তিনি স্লোগানে বলেন, ‘এ লড়াই হাসিনা মারার লড়াই এ লড়াই আওয়ামী লীগ মারার লড়াই।’

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.