Sylhet Today 24 PRINT

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাসরোধ করে হত্যা

নোয়াখালী সংবাদদাতা |  ২৬ জুলাই, ২০২৩

নোয়াখালীর হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকাল দিন সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ চৌকির উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.