Sylhet Today 24 PRINT

খাগড়াছড়িতে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুলিবিদ্ধ দুই পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার আলুটিলা এলাকা থেকে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, প্রিতিময় চাকমা (৪৫) ও জ্ঞানময় চাকমা (৪০)। তারা দুজনই পাহাড়ের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা বলেন, সকালে জুমে কাজ করতে যাওয়ার সময় উপজেলার আলুটিলার জার্মপ্লাজম এলাকায় স্থানীয়রা দুজনের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। তবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের কেউ তাদের হত্যা করতে পারে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.