Sylhet Today 24 PRINT

আদালতে যাননি শাকিব খান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২৩

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই ব্যস্ততা দেখিয়ে আদালতে উপস্থিত হননি চিত্রনায়ক শাকিব খান।

বুধবার (৯ আগস্ট) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

এদিন শাকিব খান ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে না এসে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। পরে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন আগামী ৫ অক্টোবর ধার্য করেন আদালত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান।

এর আগে, গত ৫ জুলাই ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমা প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেন। ওই দিন প্রযোজক নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

ব্ল্যাকমেল করে চাঁদা দাবির অভিযোগে গত ২৩ মার্চ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শাকিব খান। এর অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞারও আবেদন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.