Sylhet Today 24 PRINT

হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০২৩

নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে আলেয়া বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগনানন্দ (বিটিভি বাজার) গ্রামের মো. সোলেমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে মো. সেলিম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে ফেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিটিভি বাজার এলাকায় সিএনজি অটোরিকশাতে তিনি মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.