Sylhet Today 24 PRINT

আমি আপনাদের অভিভাবক, আপনাদের প্রভু: আব্দুল মজিদ এমপি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২৪

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ এক বক্তব্যে নিজেকে জনগণের প্রভু হিসেবে দাবি করেছেন।

সম্প্রতি এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ওই এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে ।

৩০ সেকেন্ডের ওই বক্তব্যের অংশে সংসদ সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনারা হয়তো অনেকে আমাকে চিনে ফেলেছেন। আমি অধ্যক্ষ আব্দুল মজিদ। আপনাদের অভিবাবক। আপনাদের নেতা। আপনাদের প্রভু। আমি আপনাদের সংসদ সদস্য। এই সংসদ সদস্য আপনারাই আমাকে বানিয়েছেন। হোমনা-মেঘনার জনগণ বানিয়েছেন। আমি কয়েকবার এদিকে আসছি-গেছি। তবে এখানে আগে আসি নাই।’

জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুলাই) সাংসদের নির্বাচনী এলাকা মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর, রামপ্রাসাদেরচর, মৈশারচর গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন ও ভাঙন রোধ করতে ১২ হাজার ৪০০টি জিও ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে যান সংসদ সদস্য আব্দুল মজিদ। সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের সামনে বক্তব্যের এক পর্যায়ে এমন কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, জেলা পরিষদ সদস্য (মেঘনা) আব্দুল কাউয়ুম, চালিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, হোমনা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ইমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.