Sylhet Today 24 PRINT

আয়মানের টেন মিনিট স্কুলে বিনিয়োগ প্রস্তাব বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৪

শিক্ষক, উদ্যোক্তা ও লেখক আয়মান সাদিক প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম 'টেন মিনিট স্কুল'র জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে অফিসিয়াল ফেসবুক পেজে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড 'স্টার্টআপ বাংলাদেশ' এক পোস্টে বলেছে, 'স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে।'

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একই ঘোষণা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

তিনি লিখেছেন, 'টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।'

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক সম্প্রতি চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বেশ কয়েকটি স্ট্যাটাস পোস্ট দিয়েছেন।

এর মধ্যে এক পোস্টে তিনি লিখেছেন, 'রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।'

এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, 'কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.