Sylhet Today 24 PRINT

মাজারে হামলার বিচারসহ ৯ দাবি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী উদযাপন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় দলটির লিয়াজোঁ কমিটি।

তাদের অন্যান্য দাবির মধ্যে—পবিত্র ঈদে মিলাদুন্নবীর সকল আয়োজন নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করা, দ্রুততম সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহিদদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পন্ন করা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।

এ ছাড়া বন্যাদুর্গত পরিবারগুলোকে পুনর্বাসনসহ স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, মসজিদ, মাদ্রাসা ও মাজারে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা, অন্যায়ভাবে যেসব ইমাম, খতিব, আলেম-ওলামা ও সম্মানিত শিক্ষকদের কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাদের স্বপদে অতি দ্রুত পুনর্বহাল করা, আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার করার দাবি জানিয়েছে তারা।

শিক্ষাব্যবস্থা বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে কোরআন সুন্নাহর সঙ্গে সমন্বয় সাধন করে আধুনিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শী আলেম ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা ও বাংলাদেশের ওপর যেকোনো দেশের উপনিবেশ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মাওলানা আনম মাসউদ হোসাইন আল-কাদেরি, মুফতী আবুল কাসেম ফজলুল হক, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরি, অধ্যাপক এমএ মোমেন, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মোশারফ হোসেন হেলালি, অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীন, সম হামেদ হোসাইন, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, মাওলানা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অ্যাড. ইকবাল হাসান, মাওলানা আবদুস সালাম, অ্যাড. মোখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.