Sylhet Today 24 PRINT

গুলি করে কিশোরের লাশ নিয়ে গেল বিএসএফ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে আহত হয়েছে আরও দুজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নং পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

আহতরা হলেন- ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। তারা পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.