Sylhet Today 24 PRINT

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার চেয়ারম্যানকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারে যৌথ বাহিনী অভিযানে গ্রেপ্তার কক্সবাজার সদরের পিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে চেয়ারম্যান আব্দুল্লাহকে সদর থানা হেফাজতে নিয়ে আসা হলে কর্মী-সমর্থকরা এসে সদর থানা থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় পুলিশ এবং গ্রেপ্তার চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, ‘পিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় আব্দুল্লাহর সন্ত্রাসী বাহিনী তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদিঘীর পাড় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের একজন তরুণ। ওই তরুণ বিআরবি ক্যাবলের কর্মচারী ছিলেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষে দায়ের করা মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.