Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান গ্রেপ্তার

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নাশকতা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

জানা যায়, সজিবুর রহমানের বিরুদ্ধে নাশকতা মামলা (এসএমপি, সিলেটের কোতোয়ালি থানার এফআইআর নং-১৫/৩৭০, তারিখ: ২০ আগষ্ট ২০২৪, ধারা- ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/ ৩৪ দণ্ডবিধি আইন ১৮৬০) রয়েছে। এই মামলার আসামি হিসেবে সজিবুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এছাড়াও তার বিরুদ্ধে রুদ্রসেন হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.