Sylhet Today 24 PRINT

‘যৌক্তিক সময়ে’ হাটে হাঁড়ি ভেঙে দেবেন জামায়াত আমির

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘যৌক্তিক সময়ে’ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। যৌক্তিক সময়ে কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক সময়ে হাটে হাঁড়ি ভাঙা হবে। দেরি করবো না।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন জামায়াতের আমির।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে যেন কাজ না করা হয়। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন। ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়।

ভারতনীতি নিয়ে জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্ব সভার সব সদস্যরা আর আমরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেব।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দয্য এবং শক্তির প্রতীক।

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এ দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. মাহবুবুর রহমানসহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.