Sylhet Today 24 PRINT

আইজিপির সফরসঙ্গী সমন্বয়ক সারজিস, রংপুরে লাঠি হাতে বিক্ষোভ জাপার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আললের রংপুর সফরকে কেন্দ্র করে লাঠি হাতে বিক্ষোভ করেছে জাতীয় পার্টি।

এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় জরুরি সভা করেছে দলটি। শনিবার দুপুরে নেতা-কর্মীরা রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গত ১৪ অক্টোবর রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে ১৩ দিন ধরে উত্তপ্ত রংপুর। পাল্টাপাল্টি অবস্থানে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

এদিকে, আজ শনিবার সারজিস আলমের রংপুর সফরে আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাদের হাতে লাঠি দেখা যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আইজিপির সফরসঙ্গী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম রংপুরে যান। সকালে সারজিস আলম আইজিপির সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপির সফরসঙ্গী হিসেবে সারজিসের রংপুরে আগমন পুলিশের সঙ্গে জাতীয় পার্টিকে সংঘাতে জড়ানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির নেতারা। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও জরুরি সভা করেছেন। এ নিয়ে নগরজুড়ে উত্তাপ ছড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.