Sylhet Today 24 PRINT

৬ মাসে ৮০টি মাজারে ভাঙচুর: বিশ্ব সূফী সংস্থা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০২৫

গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার শরিফ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ব সূফী সংস্থা নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব সূফী সংস্থা’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ব সূফী সংস্থার কার্যনির্বাহী সদস্য হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী।

তিনি বলেন, আমাদের দেশে সুদূর আরব ও পারস্য থেকে সূফী ও আওলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, যেই সূফীদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদের দরবার ও মাজার শরিফ ভাঙচুর লুটপাটসহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

এ সময় সূফী সাধকদের মাজার ও দরবার রক্ষার্থে হামলাকারীদের বিচার ও সূফী স্থাপনার নিরাপত্তা প্রদানের দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব সূফী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী, আফতাব আলম জিলানী, নাছির উদ্দিন চিশতী, মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি ও ড. আলাউদ্দিন আলন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.