Sylhet Today 24 PRINT

হরতালের সমর্থনে গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

ধানমন্ডি ৩২–এর বাড়ি ভাঙচুর, শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশালমিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল সোমবার রাতে মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ ও নির্বাহী আদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ও গোপালপুরে মশালমিছিল বের করেন। ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তূজার নেতৃত্বে মিছিল হয়।

এ সময় নেতা-কর্মীরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রঘোষিত হরতাল ও মশালমিছিলের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতির টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ মশালমিছিল করেছে—বিষয়টি আমরা শুনেছি। তারা উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে বলে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.