Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে: ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় হরতাল নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।

১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল কর্মসূচি নিয়ে পুলিশের অবস্থান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ফেসবুকে দেখা যাচ্ছে মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি। পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে রয়েছে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দাবি করে তিনি বলেন, ‘ছিনতাইসহ অন্য অপরাধ কমে গেছে। এখন আমাদের বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। তারা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলছে।’

আন্দোলনকারীদের উদ্দেশে কমিশনার বলেন, ‘আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের নানা কষ্ট হয়। দাবিদাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। দাবিদাওয়া সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন।’

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার ফারুক হোসেন, তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান, তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.