সিলেটটুডে ডেস্ক | ২৮ মে, ২০২৫
শেরপুরে বিএনপি নেতাকর্মীদের হাতে আটকের পর পুলিশি হেফাজতে থাকা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৮৪) ও তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাতে জামালপুর সদর থানা পুলিশ মুচলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোন মামলা নেই। তার মানসিক অবস্থা ভালো না, সে কোথায় আছে তাও বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না।
এর আগে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য পার্শ্ববর্তী শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিস যান। এ সময় তাকে চিনতে পেরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা আটক করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে রাত ১০টার দিকে তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করে শেরপুর পুলিশ। রেজাউল করিম হীরা জামালপুর সদর-৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে টানা চারবার এমপি নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।