Sylhet Today 24 PRINT

কাদের সিদ্দিকীর পত্নীবিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন। তিনি সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কৃষকশ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বলেন, ‘শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।”

মৃত্যুকালে নাসরিন সিদ্দিকীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও পালিত এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে তিনি ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠ এবং বাদ আছর কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে নাসরিন সিদ্দিকীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে তাকে দাফন করা হয়।

জানাজায় বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.