Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল উত্তেজিত জনতার বিরুদ্ধে। এ সময় কাছারি বাড়ির পরিচালককে মারধরের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গত ৮ জুন বিকেলে শাহনেওয়াজ নামের এক প্রবাসী তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারি বাড়ি ঘুরতে যান। কাছারি বাড়িতে প্রবেশের জন্য তারা দর্শনার্থীর টিকিট কাটেন। তবে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য শাহনেওয়াজের কাছ থেকে টাকা নেওয়া হলেও কোনো টোকেন দেওয়া হয়নি। এ নিয়ে গেটের কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এরপর কাছারি বাড়ির কাস্টোডিয়ান ও অন্য কর্মচারীরা শাহনেওয়াজকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পরিবারের সদস্য এবং স্থানীয় কিছু রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তিনি মুক্ত হন। এ ঘটনায় ওইদিন রাতেই শাহনেওয়াজ থানায় লিখিত অভিযোগ করেন। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে গতকাল দুপুরে স্থানীয়দের উদ্যোগে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একদল উত্তেজিত লোক কাছারি বাড়ির অডিটোরিয়ামে ঢুকে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহনেওয়াজের ভাই সবুজ, হান্নান ও সুমন জানান, কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই দর্শনার্থীদের সঙ্গে অসদাচরণ করে আসছেন। প্রতিনিয়ত কেউ না কেউ তার বা অন্য কর্মচারীদের হাতে লাঞ্ছিত হচ্ছেন।

এ বিষয়ে কাস্টোডিয়ান হাবিবুর রহমান ৮ জুনের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করলেও ভাঙচুর সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.