Sylhet Today 24 PRINT

জামায়াত আমির শফিকুরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করবেন।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন, এই দোয়াই করছি।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমীরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

তিনি আরও বলেন, এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।

জামায়াতের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে দলের কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.