Sylhet Today 24 PRINT

কাদের সিদ্দিকীর বাসায় হামলা, গাড়ি ও জানালার কাঁচ ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

রোববার রাত ১টার দিকে বীরউত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার টাঙ্গাইলের সখীপুরের বাসায় হামলা চালানো হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ।

হামলায় ভবনে থাকা দুটি গাড়িসহ বেশকিছু জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে।

বাসার কেয়ারটেকার রাজু মিয়া বলেন, “রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়িও ভাঙচুর করে।”

এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাদের সিদ্দিকী।

পরে তাকে সখীপুরে নিজ বাসায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন ও সুস্থ আছেন বলে জানান। তার পর থেকে তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন।

ওসি তানভির আহমেদ বলেন, “হামলার বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.