Sylhet Today 24 PRINT

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও আপত্তিকর ভিডিওর জেরে ইউনিয়ন জামায়াতের আমির বহিস্কার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠির নলছিটিতে অনৈতিক কর্মকাণ্ড, নারী নিপীড়ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. নুরুল্লাহ নামে এক নেতাকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

বহিষ্কৃত নুরুল্লাহ উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।

শনিবার (৬ ডিসেম্বর) তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে এক অপরিচিত নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করার সময় এক ছাত্রের মায়ের (প্রবাসীর স্ত্রী) মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনা জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা নুরুল্লাহকে আটক ও মারধর করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও ঘটনার ভিডিও ও জবানবন্দির কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, নুরুল্লাহ নিজেকে কখনো ইসলামিক বক্তা, কখনো সাংবাদিক—এমনকি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি হিসেবেও পরিচয় দিতেন। তার ফেসবুক অ্যাকাউন্টে ‘মো. ফিরুজ আলম নুরুল্লাহ’ নামে আরেকটি পরিচয় পাওয়া গেলে একাধিক ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগও সামনে আসে।

ঘটনার পর ৩ ডিসেম্বর বরিশালভিত্তিক আঞ্চলিক দৈনিক আমাদের বরিশাল–এর সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নুরুল্লাহকে তাদের রিপোর্টার তালিকা থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।

এদিকে একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ও উপজেলা জামায়াত যৌথভাবে তদন্ত কমিটি গঠন করে। তদন্তে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি, ভুয়া পরিচয় ব্যবহার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো প্রমাণিত হলে প্রথমে তার রানাপাশা ইউনিয়ন জামায়াতের আমিরের পদ স্থগিত করা হয়।

ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদুল হক জানান, ‘জামায়াতে ইসলামী নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে কঠোর। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তার পদ স্থগিত করা হয়েছে।’ পরে বিষয়টি আরও বড় আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াতের দায়িত্বশীলরা জরুরি বৈঠকে নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.