Sylhet Today 24 PRINT

আসাদুজ্জামান ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ফুয়াদ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী এবং তার বাড়ি বাবুগঞ্জ এলাকায়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাবুগঞ্জের বাসিন্দা মোখলেসুর রহমান বলেন, ‘রোববার দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই তাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা ‘‘ভুয়া ভুয়া’’ স্লোগান দিয়ে তাকে লাঞ্ছিত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াদ তার নেতাকর্মীদের নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। এরপর ফুয়াদ তার গাড়িতে করে ঢাকায় চলে যান।’

জানা গেছে সেখানে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’ এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ ঘটনাস্থল ত্যাগ করার পর ছাত্রদলের পক্ষ থেকে বাবুগঞ্জে ‌তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, ‘সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের ‘‘চাঁদাবাজ’’ বলেছেন চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন— এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। যা অত্যন্ত অশোভনীয়। বিষয়টি সত্য না হয়, ছাত্রদল নয় সাধারণ জনগণই তাকে স্লোগান দিয়ে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।’

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.