Sylhet Today 24 PRINT

সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত ইসির

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের লক্ষ্য নিয়ে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে থেকেই যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে, সেগুলো সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই, সেখানে শুধু ভোটের দিনের জন্য নতুন করে স্থাপন করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন আয়োজনকারী এই সংস্থাটি।

সূত্র জানায়, শুরুতে ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আগ্রহী ছিল না কমিশন। জানার পর বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু রাজনৈতিক দল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি করে।

এ অবস্থায় ইসি থেকে মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা আছে। সেগুলো সচল রাখা গেলে অতিরিক্ত ব্যয় তেমন বাড়বে না। আর যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই, সেখানে কেবল ভোটের দিনের জন্য অস্থায়ীভাবে ক্যামেরা বসানো যেতে পারে। এতে ব্যয়ও খুব বেশি হবে না। এরপর ইসি উল্লিখিত সিদ্ধান্ত নেয়।

ইসি কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রেই সিসি ক্যামেরা থাকলে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়বে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হবে। কোনো ধরনের অপরাধ ঘটলে ভিডিও ফুটেজ দেখে দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।

ইসি সূত্র আরও জানায়, বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখা এবং যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগের ব্যবস্থা করতে বলা হয়েছে। যেসব ভোটকেন্দ্রে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে এসবের সংযোগ দিতে বলা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৪ হাজারের মতো ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল, ভোটকক্ষ ছিল ২ লক্ষাধিক। দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি; ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। নবম সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি; ভোটকক্ষ ছিল ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি। তবে এই নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা তেমনভাবে ছিল না। এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘এবারের নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত যেসব প্রতিষ্ঠানে সিসিটিভি আছে, সেগুলোকে সচল রাখতে নির্দেশনা দিতে হবে। এসব কেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করা, ভোটকেন্দ্রের অবকাঠামো সংস্কার এবং যেসব কেন্দ্রে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নেই, সেখানে এসব সংযোগ দিতে হবে।’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে সিসিটিভি সংযোগ নেই সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে ভোটের দিনের জন্য সিসিটিভির ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। আর সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.