Sylhet Today 24 PRINT

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

বিবিসি বাংলা |  ১৯ ডিসেম্বর, ২০২৫

ছবি: গেটি ইমেজেস

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি।

বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।

নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকবেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন কর্মকর্তারা।

"নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে," জানান ভালুকা থানার ডিউটি অফিসার মি. মিয়া।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

"আমরা উনার আত্মীয়-স্বজনদের খোঁজ করছি। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে," বলেন ওসি। [সূত্র: বিবিসি বাংলা]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.