Sylhet Today 24 PRINT

গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর জবাই করা লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়া। বাবার নাম মৃত শহীদ আলী।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন সহ শরীরে আরও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না; সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় এই তরুণী একটি বারে কাজ করত। পশ্চিম কালাচাঁদপুরে ওই ফ্ল্যাটে মীমের সাথে আরেক তরুণী থাকতেন। কিন্তু লাশ উদ্ধারের সময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, লাশের সুরতহাল প্রতিবেদনে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ উল্লেখ করেন, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যে কোনো সময় তাকে জবাই করে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.