Sylhet Today 24 PRINT

আমির হামজার বিরুদ্ধে এবার খুলনার আদালতে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি হয়েছে ।

আজ সোমবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

এর আগেও গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল আদালতে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ছাত্রদলের এক নেতা।

খুলনায় হওয়া মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। এজাহারে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও মাধ্যমে আমির হামজা তার বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসমক্ষে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ।

বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা–কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, বিষয়টি যাচাই-বাছাই ও সাংগঠনিকভাবে আলোচনা শেষে ন্যায়বিচারের আশায় কিছুটা বিলম্বে আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন বাদী।

বাদীর পক্ষে মামলাটি করেন আইনজীবী মো. বাবুল হাওলাদার। তিনি বলেন, সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগমী ২৪ মে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.