Sylhet Today 24 PRINT

ভোটের সততা নষ্ট হলে ভোট বাতিল: ইসি সানাউল্লাহ

যথাযথ প্রক্রিয়ায় ভোট না দিলে ভোট বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে কোনো অবস্থাত্ই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেন, তাহলে তাঁর ভোট বাতিল হয়ে যাবে।’

আজ মঙ্গলবার সকালে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এবার ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে ভোটারদের মধ্যে। আমরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাই, যেন শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারে। অনেক সময় দেখা যায়, দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারকে কেন্দ্রে আসতে বাধা প্রদান করে। এবার কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’

মো. সানাউল্লাহ বলেন, ‘সাধারণ ও পোস্টাল ব্যালট একই সঙ্গে গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। কারণ, এতে ১৯৯টি প্রতীক রয়েছে। এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে প্রবাসীরা কে কোথায় ভোট দিয়েছেন।’

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.