Sylhet Today 24 PRINT

মিয়ানমার থেকে গুলি, বাংলাদেশি দুই কিশোর আহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২৬

প্রতীকী ছবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই বাংলাদেশী কিশোর আহত হয়েছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই কিশোরকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীস্থল এলাকায় কেউড়া বাগানে এ ঘটনা ঘটে।

আহত গুলিবিদ্ধ কিশোররা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল (১৩) ও মো. ওবাইদ উল্লাহ (১৫)। তারা উভয়েই বাংলাদেশি নাগরিক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমার থেকে তাদের নৌকা লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করা হয়। এ সময় দুই কিশোর গুলিবিদ্ধ হলে আশপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরাই ওই দুই কিশোরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলি করার ঘটনায় আরাকান আর্মি জড়িত। আহত কিশোরেরা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছ চাষি পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ১২ জানুয়ারি একই এলাকায় সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আবু হানিফ নামে এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন থেকেই সীমান্তে বসবাসকারীরা আতঙ্কের দিন পার করে আসছিল৷

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। এছাড়া রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠী। এ কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.