Sylhet Today 24 PRINT

ঢাকা-১৭ আসনে নির্বাচন প্রচার উপ-কমিটির সমন্বয়ক সাবেক ছাত্রনেতা এরশাদ খান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন প্রচার উপ-কমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ এরশাদ খান।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং উপদেষ্টা ও যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোহাম্মদ এরশাদ খানকে এই দায়িত্ব দেওয়া হয়।

এরশাদ খান নতুন এই দায়িত্ব পাওয়ার সত্যতা নিজেই নিশ্চিত করেছেন।

দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি যথার্থভাবে ও সততার সঙ্গে পালন করব।

ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি।

এরশাদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। ছাত্রদলের রাজনীতি দিয়ে তিনি আলোচনায় আসেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনার একটি আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে তিনি রাজপথে সরব ছিলেন, পাশাপাশি অনলাইনেও ছিলেন সক্রিয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনের তিনি ছিলেন অন্যতম সংগঠক।

ঢাকা-১৭ আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন: তারেক রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি), স. ম. খালিদুজ্জামান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আতিক আহমেদ (জাতীয় পার্টি) এস এম আবুল কালাম আজাদ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট - বিএনএফ), কাজী এনায়েত উল্লাহ (স্বতন্ত্র), কামরুল হাসান নাসিম (বাংলাদেশ জাতীয় পার্টি), তপু রায়হান (জাতীয় পার্টি - জেপি), মনজুর হুমায়ুন (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মো. আনিসুজ্জামান খোকন (স্বতন্ত্র), মো. শামীম আহমদ (বাংলাদেশ কংগ্রেস), এবং মোহাম্মদ উল্যাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

এই আসনের মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তন্মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন পুরুষ ভোটার, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন ৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.