সিলেটুডে ডেস্ক | ০৫ ফেব্রুয়ারী, ২০২৬
প্রতিকি ছবি
রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক দম্পতি ও তাঁদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ উদ্ধার করা হয় । পাশের বিছানায় স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়েছিল। নিহতেরা হলেন, মাসুম (৩৫), তাঁর স্ত্রী সুমি (৩০), তাঁদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ ।
পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. আশরাফুল বলেছেন, মিরপুর ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোডের তিন ৩ নম্বর পরিত্যক্ত ওয়াপদা ভবনের নিচতলায় বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আশরাফুল ইসলাম আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভাব অনটনে বিপর্যস্ত ছিলেন মাসুমের পরিবার।সকালের দিকে মাসুম তাঁর স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তবে মাসুমের ফুপাতো ভাই মান্না জানান, মাসুম সপরিবারে ওয়াপদা তিন নম্বর পরিত্যক্ত ভবনে থাকতেন। আর্থিক সংকটে তাঁর পরিবার চলছিল না। বেনারসি শাড়ির কারচুপি করার পাশাপাশি রিকশাও চালাতেন তিনি। অভাব অনটন সইতে না পেরে মাসুমের স্ত্রী তাঁর দুই সন্তানকে খাবারে বিষ খাইয়ে হত্যা করেছে। পরে মাসুমের স্ত্রী খাবারের বিষ খেয়ে আত্মহত্যা করেন। পরে আত্মহত্যা করেন মাসুম।