সিলেটুডে ডেস্ক | ১০ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়ে পুলিশের আইজিপি বাহারুল আলম জানান, মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট ভোটকেন্দ্র নয়, ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে।
তিনি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স— এই তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছেন। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।
বাহারুল আলম জানান, স্বচ্ছতা বজায় রাখতে দেশের প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা এবং আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে। এ ছাড়া নির্বাচনি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ হিসেবে এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। আইজিপি আশ্বস্ত করেছেন যে, কারিগরি ও প্রশাসনিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।