Sylhet Today 24 PRINT

হাঁস প্রতীকে বড় ব্যবধানে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

সিলেটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।

১৫১টি ভোটকেন্দ্রের ফলাফলে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীক পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

এ ভোটে গ্রহনের মধ্যেই, সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকার সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন কেন্দ্রে সকাল আটটার দিকে ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ আসনে নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আটজন। মূল লড়াই হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.