Sylhet Today 24 PRINT

নির্বাচন-পরবর্তী সহিংসতা : মুন্সীগঞ্জে নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। সে ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। এ ঘটনায় বাবা মাফিক নায়েব ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে গিয়ে তার ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.