Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২৬

ছবি: সংগৃহীত

বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজ শেষে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের একদল কর্মী।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়।

জানা যায়, নগরের বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশই মুখে সার্জিক্যাল মাস্ক ও কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। কারও চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, প্রায় ৩০ জন এ মিছিলে অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী কাকুলীর মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে। পুলিশ পৌঁছানোর আগেই তারা দ্রুত সরে পড়ে। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.