Sylhet Today 24 PRINT

বাড়ির ছাদে পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড়ে আহত আর্জেন্টিনার সমর্থক

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২৬

বাড়ির ছাদে দলের পতাকা টাঙাতে উঠেছিলেন এক সমর্থক। কিন্তু পতাকা ওড়ানোর আগেই মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়েন তিনি।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচরে এ ঘটনা ঘটে। আহত সমর্থকের নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা। পাশাপাশি তিনি কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, সোমবার নগরীর জলসা মার্কেট থেকে ৫৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা কিনে আনেন সিরাজুল ইসলাম। আজ সকালে তিনি বাড়ির চারতলা সিঁড়ি রুমের কার্নিশে পতাকা টাঙাতে ওঠেন। ওই সময় আকস্মিকভাবে মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তাড়াহুড়ো করে নেমে আসেন। তবে এর আগেই তাঁর বাঁ পায়ের হাঁটুতে ও পায়ের নিচে মৌমাছি কামড় দেয়। পরে তাঁকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘পতাকা লাগানোর সময় বিভিন্ন বিপদের কথা মনে পড়ায় সতর্কও ছিলাম। তবু রক্ষা পাইনি। ছয় ঘণ্টা হয়ে গেলেও ব্যথা কমেনি।’

জুলধা ইউনিয়নের পল্লিচিকিৎসক লাবলু কুমার দে বলেন, সিরাজুল ইসলাম মৌমাছির আক্রমণের শিকার হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.