Sylhet Today 24 PRINT

দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২৬

শেরপুরে এক আর্জেন্টিনা সমর্থক মাদক নিরাময় কেন্দ্রে ছাদে উঠে তার দল ছেড়ে বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চাপাতলি এলাকার মাদক নিরাময় কেন্দ্রের ভবনের ছাদে দেবপ্রিয় দাস শিবু ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেন ও আলিম বলেন, শিবু দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মত খেলোয়াড় নেই, তাই তার আস্থা কমেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারের খেলা তাকে আকর্ষণ করছে। এ কারণে তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিবু বলেন, আর্জেন্টিনা দলে আগের মত বড় তারকা খেলোয়াড়ও নেই। অন্যদিকে ব্রাজিলের খেলা তার সবসময়ই ভালো লাগে। নেইমারও তার প্রিয় খেলোয়াড়দের একজন। তাই তিনি এখন ব্রাজিলকেই সমর্থন করবেন।

কেন্দ্রের পরিচালক মেহের খান অপু বলেন, ১০ লিটার দুধ দিয়ে গোসল করার পর শিবু ব্রাজিল সমর্থক হিসেবে ঘোষণা দেন। পরে উপস্থিত সমর্থকরা তাকে ব্রাজিলের জার্সি পরিয়ে ফুলের মালা দিয়ে স্বাগত জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.