Sylhet Today 24 PRINT

গাইবান্ধায় এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে।

বক্তব্য শেষে মুক্তিযুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধাদের এবং পরে আওয়ামী লীগের দলীয় এই স্লোগান দেন উপজেলা পর্যায়ের একজন শীর্ষ নেতা।

এই নেতা হলেন এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক সফিজাল ইসলাম।

এই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে দলটির কেন্দ্রীয় বা স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাদুল্লাপুর শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সফিজাল ইসলাম। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ 'জয় বাংলা' স্লোগান দেন। এতে মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতাসহ সমাবেশে অংশ নেওয়া অনেকেই বিস্মিত হন।

উল্লেখ্য, এনসিপি আদর্শিক ভাবে ‘জয় বাংলা’ স্লোগানের বিরোধী। তারা স্লোগান হিসেবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ উচ্চারণ করে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.