Sylhet Today 24 PRINT

সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আবদুস শুকুর (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেলে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

আবদুস শুকুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এ ব্যাপারে ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস বিশ্বাস বলেন, ‘শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা নেই। তবে তাঁর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

স্থানীয় লোকজন ও শুকুরের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে শুকুর বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় লোকজন রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে লোকজন আতাইকুলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে সেটি শুকুরের লাশ বলে শনাক্ত করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে শুকুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.