Sylhet Today 24 PRINT

৯ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতন: রাজশাহীতে গ্রেপ্তার জামায়াত রুকনকে বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ওমর ফারুককে (৩৫) জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর নৈতিক স্খলনের দায়ে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

ওমর ফারুক উপজেলার একটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের রুকন ছিলেন। তিনি বর্তমানে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার ভাই আবু বকর একই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ওমর ফারুককে আটক করা হয়। পরে ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরদিন শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ওমর ফারুক একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি বাড়িতে স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। গত ১২ জুলাই ৯ বছর বয়সি ওই শিশু প্রাইভেট পড়তে গেলে তিনি কৌশলে অন্য শিক্ষার্থীদের বিদায় করে দেন। এরপর শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের আমির আবদুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় নৈতিক স্খলনের দায়ে ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.