সিলেটটুডে ডেস্ক | ২১ আগস্ট, ২০২৬
ফাইল ছবি
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী থেকে মুন্সীগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বনানী থেকে বেলা ৩টা ১৫ মিনিটে রওয়ানা দিয়ে বিকেল ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান। একই তথ্য নিশ্চিত করেছেন, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় ভ্যানটি।
উল্লেখ্য, দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন।
প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। কার্যক্রম শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।