Sylhet Today 24 PRINT

এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শ্রমিক সংঘ কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বন্দর নতুন মার্কেট থেকে শুরু হয়ে মিছিলটি কলোনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর পুরাতন মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে বিক্ষোভ মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন বলেন, শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলোচনা না করে কোনো অবস্থাতেই এনসিটি নিয়ে কোনো চুক্তি বন্দর শ্রমিকরা মেনে নেবেন না।

শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন শ্রমিক-কর্মচারীদের মতামতকে গুরুত্ব দিয়ে ডকুমেন্ট, কালেকশন ও আনস্টাফিং বন্দরের হাতে রেখে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টার্মিনাল পরিচালনার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একক সিদ্ধান্তে শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। তাঁরা বলেন, সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, সরকারবিরোধী আন্দোলনে বন্দর একটানা ২৯ দিন অচল রেখে তৎকালীন বিএনপি সরকারের পতন ঘটেছিল। তাই আলোচনার দরজা খোলা আছে।

বক্তারা আরও বলেন, ‘আমরা শ্রম অসন্তোষ চাই না। দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর এক মিনিটের জন্যও বন্ধ হোক, তা আমরা চাই না। তবে শ্রমিক স্বার্থবিরোধী কোনো চুক্তি শ্রমিক-কর্মচারীরা মেনে নেবে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.