Sylhet Today 24 PRINT

ক্যানসারে মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলটির একাধিক নেতা ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান রোটন। সেখানে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় তার ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি এ রোগের সঙ্গে লড়াই করছিলেন।

গত কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, মাত্র এক বছর বয়সী যমজ শিশুপুত্র, এক ভাই সহ দেশ-বিদেশের অসংখ্য বন্ধু-স্বজন, সহকর্মী-সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রোটনের মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো জানা যায়নি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় সংগঠনটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে পরিচিতি পাওয়া রোটন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.