সিলেটটুডে ডেস্ক | ১১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ আজ দেশে আসছে। ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে চট্টগ্রামে গ্রামের বাড়িতে, এবং সেখানে সমাহিত হবেন তিনি।
মরদেহ ঢাকা আনতে এরিমধ্যে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।
এরআগে গতকাল শনিবার (৯ অক্টোবর) সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ৪৮ বছর বয়সি এ রাজনীতিকের মৃত্যু হয়।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোটনের মরদেহ রোববার দুপুরের পর ঢাকায় পৌঁছাবে। ঢাকায় জানাজা শেষে চট্টগ্রামের রাউজানের বাড়ি নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রোটন। ছয় দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানিয়েছেন।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।
ছাত্রলীগের পর রোটন আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি। রোটনের এক বছর বয়সি জমজ ছেলে রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেওয়া এই নিষেধাজ্ঞা জারি রেখেছে বিএনপি সরকার।