সিলেটটুডে ডেস্ক | ১১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার সংবাদে বেশ কয়েকজন লোক মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হন। মসজিদের আশপাশের এলাকা এবং ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এ সময় তাকওয়া মসজিদের সামনে অবস্থানরত লোকদের মধ্যে ছাত্রলীগ সন্দেহে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ছাত্রলীগ সন্দেহে ৪ জনকে ধানমন্ডি থানা পুলিশ আটক করে।
এরআগে বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে রোটনের মরদেহটি বাংলাদেশে প্রবেশ করে। পরে তার স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মরদেহ দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোটনের স্ত্রী আরেফা সুলতানা তখন জানান, মরদেহ প্রথমে ঢাকায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে। রাউজানে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।
আরেফা সুলতানা বলেন, ‘ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন রোটন। ছয় দিন আগে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সে তিনি মারা যান।’
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন তিনি। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।
উল্লেখ্য, বর্তমানে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেওয়া এই নিষেধাজ্ঞা জারি রেখেছে বিএনপি সরকার।