Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে গাছ থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভিতরে গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান।

নিহত শেখ হোসেন আলী ওরফে হোসেন ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভিতরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার সচ্ছল ছিল। সংসারে অভাব-অনটন ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল।

ওসি বলেন, “তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন- তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.