Sylhet Today 24 PRINT

পাবনায় একজনকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম  আল আমিন হোসেন (৩৫)।

রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আতাইকুলা থানার ভিন্নগ্রামের পানি উন্নয়ন বোর্ডের ডাইক হতে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আল আমিন হোসেন সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলালের ছেলে।

পুলিশ বলছে, আল আমিন চরমপন্থি দলের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় একাধিক মামলা রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতের কোনো এক সময়ে আল আমিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ভিন্নগ্রামের পানি উন্নয়ন বোর্ডের ইছামতি ক্যানেলের ডাইকে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা । সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে থানায়  খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, আল আমিন চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.