Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম ছাত্রলীগের সা.সম্পাদক কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৬

নির্বাচনে প্রভাব সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে  দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মে) সকাল ১০টায় রায়ের কপি হাটহাজারী থানায় পৌঁছার পর রণিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন, অবৈধ অস্ত্র ব্যবহারও করেছেন।

হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (০৭ মে) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রণিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রণিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.