Sylhet Today 24 PRINT

সেনাক্যাম্প প্রত্যাহার : খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৬

পার্বত্য চট্টগ্রাম থেকে পর্যায়ক্রমে সকল সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার প্রতিবাদে এবং পানছড়ি থেকে নিখোঁজ মোটরসাইকেল চালককে উদ্ধারসহ কয়েক দফা দাবিতে আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদ ও বাঙালি ছাত্র সংগ্রাম পরিষদ নামে বাঙালিদের দুটি সংগঠন এ হরতালের ডাক দেয়। হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলাচল করছে না। খাগড়াছড়ি শহর ও শহরতলীর দোকানপাট খোলেনি।

এদিকে, সকালে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় পিকেটিং করেছেন হরতাল আহ্বানকারী সংগঠনের নেতাকর্মীরা। তারা টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। এ ছাড়া হরতালকে কেন্দ্র করে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংগঠন দুটির যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতকাল (রোববার) পার্বত্য কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেন। এ ছাড়া ২৮ এপ্রিল নিখোঁজ হওয়া পানছড়ির ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. হোসেন ১১ দিন পরও উদ্ধার হয়নি। এসব ঘটনার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.